ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দীন হল মাঠে উৎসবমুখর পরিবেশে আয়োজিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। দুই দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার সফল আয়োজন ও সমাপনী শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বিজয় একাত্তর হল, ঢাকা বিশ্ববিদ্যায় শাখা এই টুর্নামেন্টের আয়োজন করে। ২৫ ও ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় হলের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন।  প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী পর্বে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়ার পাশাপাশি টুর্নামেন্টে অসামান্য পারফরম্যান্স প্রদর্শনকারী খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।  আয়োজক কমিটির পক্ষ থেকে সার্বিক দায়িত্বে ছিলেন বিজয় একাত্তর হল ছাত্রদলের সদস্য সচিব সাকিব বিশ্বাস এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান মোঃ সাদাম সিদ্দিক। উপস্থিত নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা বৃদ্ধি, সুস্থ বিনোদন এবং আন্তঃব্যাচ সৌহার্দ্য ও বন্ধন সুদৃঢ় করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।