ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগামীকাল শুক্রবার (৯ অক্টোবর) শুরু হচ্ছে দু’দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন (COMPAS 2026)। IEEE Computer Society Bangladesh Chapter এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (CSE) বিভাগের যৌথ উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন CSE বিভাগের চেয়ারম্যান ও COMPAS 2026-এর জেনারেল চেয়ার অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক। এ সময় বিভাগের অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, আগামীকাল সকাল ৯টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক।
এবারের সম্মেলনে দেশ-বিদেশ থেকে মোট ৬১৬টি গবেষণাপত্র জমা পড়ে। এর মধ্যে ২১২টি গবেষণাপত্র গৃহীত হয়েছে, যা প্রায় ৩৪ দশমিক ৪ শতাংশ। ২০২৪ ও ২০২৫ সালের আয়োজনের ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হচ্ছে COMPAS-এর তৃতীয় আসর।
সম্মেলনে কম্পিউটিং প্রযুক্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আটটি গবেষণা ট্র্যাক রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে Intelligent System, Natural Language Processing, Visual Computing, Data Analysis, Cyber-Physical and Edge Systems, Distributed Systems and Security এবং Quantum Computing। CSE বিভাগে Technical Session এবং বাংলা একাডেমিতে Keynote ও Plenary Session অনুষ্ঠিত হবে।
সম্মেলনের মূল প্রবন্ধ অধিবেশনগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সাইবার নিরাপত্তা, স্বাস্থ্য, কৃষি ও প্রযুক্তির বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের University of Texas at Dallas-এর অধ্যাপক ড. লতিফুর খান সাইবার নিরাপত্তা ও পরিবহন নিরাপত্তায় Generative AI এবং Large Language Model (LLM)-এর ব্যবহার নিয়ে বক্তব্য দেবেন।
এ ছাড়া যুক্তরাজ্যের University of Southampton-এর Image and Data Analysis Group-এর প্রধান ড. এম জুলিয়াস হোসাইন জীববৈজ্ঞানিক চিত্র বিশ্লেষণের মাধ্যমে রোগ ও মানবস্বাস্থ্য সম্পর্কে নতুন জ্ঞান অর্জনের বিষয়ে আলোচনা করবেন। অস্ট্রেলিয়ার Charles Sturt University-এর অধ্যাপক ড. মোহাম্মদ আলী মনি স্বাস্থ্য ও কৃষিসহ বাস্তব সমস্যার সমাধানে Foundation Model ও Agentic AI-এর ব্যবহার তুলে ধরবেন। অন্যদিকে DataSoft Systems Bangladesh Limited-এর প্রেসিডেন্ট এম মনজুর মাহমুদ উদীয়মান বাজারে প্রযুক্তি, ফিনটেক ও স্কেলেবল ডিজিটাল ইকোসিস্টেমের সমন্বয়ে পরবর্তী প্রজন্মের এন্টারপ্রাইজ সলিউশন নিয়ে আলোচনা করবেন।
সম্মেলনের দ্বিতীয় দিন ১০ অক্টোবর বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হবে ‘Beyond AI Adoption: Redefining Teaching, Assessment and Research in Higher Education’ শীর্ষক প্লেনারি আলোচনা। এতে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের CSE বিভাগের অধ্যাপক ড. মো. হায়দার আলী, ড. এম জুলিয়াস হোসাইন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পিএসসি’র সদস্য এম সোহেল রহমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন, BDREN-এর সিইও মোহাম্মদ তৌরিত এবং পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। আলোচনা সঞ্চালনা করবেন সম্মেলনের অর্গানাইজিং চেয়ার ও CSE বিভাগের অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ।
১০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন, এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
আয়োজকদের মতে, COMPAS-এর মতো আন্তর্জাতিক সম্মেলন তরুণ গবেষকদের আন্তর্জাতিক বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ গ্রহণ, নতুন যোগাযোগ তৈরি এবং দেশের প্রয়োজনের সঙ্গে গবেষণাকে যুক্ত করার সুযোগ তৈরি করে। স্বাস্থ্যসেবা, কৃষি, বাংলা ভাষা প্রযুক্তি ও সাইবার নিরাপত্তার মতো ক্ষেত্রে গবেষণার ফল স্থানীয় সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়, নীতিনির্ধারক ও শিল্পখাতের মধ্যে সহযোগিতা গবেষণাকে ব্যবহারযোগ্য প্রযুক্তিতে রূপান্তর এবং দায়িত্বশীল ডিজিটাল উদ্ভাবনে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে সহায়ক হবে বলে আশা করছেন আয়োজকরা।