ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-১ এ শুরু হয়েছে ৫ম শিশু চিত্রকলা প্রদর্শনী ২০২৬ — 'আমরা সবাই রাজা'। শিশুদের রঙ, কল্পনা ও ভাবনার জগৎকে বৃহৎ পরিসরে তুলে ধরতে এই ব্যতিক্রমী আয়োজন করেছে শিশুদের নিয়ে কাজ করা সংগঠন 'কাশফুল'। এবারের আয়োজনের ডকুমেন্টেশন পার্টনার হিসেবে রয়েছে Gallery Halkhata।

গত ১৮ সেপ্টেম্বর এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীটি চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জয়নুল গ্যালারি-১ সকলের জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজকরা জানান, 'আমরা সবাই রাজা' শুধু একটি চিত্র প্রদর্শনী নয়, এটি শিশুদের নিজস্ব পৃথিবীকে সম্মান জানানোর একটি প্রয়াস। তাদের চোখে পৃথিবী যেমন রঙিন, স্বাধীন ও কল্পনায় ভরা, সেই পৃথিবীকেই ক্যানভাসে ফুটিয়ে তুলেছে।

প্রদর্শনীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন বয়সী শিশুদের আঁকা প্রায় শতাধিক চিত্রকর্ম স্থান পেয়েছে। জলরঙ, প্যাস্টেল, ক্রেয়ন ও মিশ্র মাধ্যমে আঁকা এসব ছবিতে উঠে এসেছে প্রকৃতি, পরিবার, মুক্তিযুদ্ধ, স্বপ্ন, উৎসব ও দৈনন্দিন জীবনের গল্প। কোনো ছবিতে দেখা যায় উড়ন্ত পাখি, কোনোটিতে গ্রামের দৃশ্য, আবার কোনোটিতে ভবিষ্যতের কল্পনার শহর। শিশুদের সরল রেখা ও সাহসী রঙের ব্যবহার প্রতিটি চিত্রকর্মকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে।

উদ্বোধনী দিন থেকেই প্রদর্শনীটি দর্শনার্থীদের ব্যাপক সাড়া ফেলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চারুকলার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শিল্পানুরাগীদের ভিড় লক্ষ্য করা গেছে গ্যালারিতে। আগত দর্শনার্থীরা বলেন, শিশুদের এমন নির্ভেজাল ও প্রাণবন্ত ভাবনা বড়দেরও নতুন করে ভাবতে শেখায়। এর মাধ্যমে শিশুদের সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং তাদের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম তৈরি করাই তাদের লক্ষ্য!

সংশ্লিষ্টরা মনে করছেন, একাডেমিক চাপের বাইরে শিশুদের মানসিক বিকাশে এমন সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার মতো স্থানে এমন আয়োজন শিশুদের শিল্পের প্রতি আরও আগ্রহী করে তুলবে।