জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুতি ও এর আর্থসামাজিক প্রভাব নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রের জন্য জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের (IDMVS) শিক্ষার্থীদের দল ‘টিম বোয়াস’ (Team BOAS)।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিইউপি ডেভেলপমেন্ট লিডার্স ক্লাব (BUPDLC) আয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ‘ডেভথন ৭.০’-এর শর্ট ডকুমেন্টারি বিভাগে এ সাফল্য অর্জন করে দলটি।

চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৩তম ব্যাচ এবং IDMVS-এর ১২তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২৩–২৪) শিক্ষার্থী আহমেদ আলিফ ইউসুফ, তাহিয়াত উল আনান ও জুবায়ের জাওয়াদ বিন মামুন। প্রতিযোগিতাটির প্রামাণ্যচিত্র নির্মাণ বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র ফাইনালিস্ট দল হিসেবেও অংশ নেয় টিম বোয়াস।

প্রামাণ্যচিত্রে উঠে এসেছে জলবায়ু বাস্তুচ্যুত মানুষের জীবনসংগ্রাম

টিম বোয়াসের বিজয়ী প্রামাণ্যচিত্রের মূল বিষয় ছিল জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুতির আর্থসামাজিক প্রভাব। এতে জলবায়ুগত কারণে বাস্তুচ্যুত মানুষের জীবিকা, কর্মসংস্থান এবং অনিশ্চিত অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সংশ্লিষ্ট কাঠামোগত সংকট তুলে ধরা হয়।

প্রামাণ্যচিত্রটিতে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে, কীভাবে জলবায়ুজনিত বাস্তুচ্যুতি মানুষকে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে বাধ্য করতে পারে, যেখানে অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সুরক্ষা ও নিরাপত্তাব্যবস্থার ঘাটতি রয়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবকে কেবল পরিবেশগত সংকট হিসেবে না দেখে মানুষের জীবন, জীবিকা ও সামাজিক নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সমস্যা হিসেবে তুলে ধরাই ছিল প্রামাণ্যচিত্রটির মূল বিষয়।

জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দলগুলোর মধ্যে বিচারকদের মূল্যায়নে শীর্ষস্থান অর্জন করে টিম বোয়াস।

উন্নয়ন ভাবনা ও উদ্ভাবনের জাতীয় মঞ্চ ‘ডেভথন ৭.০’

বিইউপি ডেভেলপমেন্ট লিডার্স ক্লাবের (BUPDLC) আয়োজনে অনুষ্ঠিত ‘ডেভথন ৭.০’ বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একটি জাতীয় প্ল্যাটফর্ম। এর লক্ষ্য উদ্ভাবনী চিন্তা, নীতিগত আলোচনা এবং টেকসই পদ্ধতির মাধ্যমে উন্নয়ন খাতের জটিল সমস্যাগুলোর সমাধান অনুসন্ধানে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা।

এ আয়োজনে শর্ট ডকুমেন্টারি প্রতিযোগিতার পাশাপাশি ডেভেলপমেন্ট কেস কম্পিটিশন, ডেভটক এবং ডেভেলপমেন্ট ক্যারিয়ার এক্সপোর আয়োজন করা হয়।

প্রতিযোগিতাটিতে টিম বোয়াসের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ুজনিত বাস্তুচ্যুতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাজ জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে।