২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিকস অ্যান্ড ডাটা সায়েন্স ইনস্টিটিউটের (আইএএসডিএস) শিক্ষার্থী আনদালীব হাসান ‘আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড-২০২৬’ লাভ করেছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আইএএসডিএস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনদালীব হাসানের হাতে এ অ্যাওয়ার্ড ও সনদ তুলে দেওয়া হয়।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় তিনি ৪.০০-এর মধ্যে ৩.৯৭ সিজিপিএ অর্জন করেন।

অনুষ্ঠানে আইএএসডিএসের পরিচালক অধ্যাপক ড. জাহিদা গুলশানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইশরাত রায়হান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনস্টিটিউটের শিক্ষার্থী যারিন তাসনিম নিশাত।

এ সময় ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিকস অ্যান্ড ডাটা সায়েন্স ইনস্টিটিউটের বার্ষিক সম্মাননা। পুনঃভর্তি ও ফলোন্নয়ন পরীক্ষা ব্যতীত বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীকে প্রতি বছর এ অ্যাওয়ার্ড ও সনদ দেওয়া হয়।

২০১৬ সাল থেকে নিয়মিতভাবে বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীকে এ অ্যাওয়ার্ড প্রদান করে আসছে আইএএসডিএস।